সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল হাওলাদার (৩৫), মো. জহিরুল ইসলাম ওরফে অপু (২৬), মো. আলাউদ্দিন (২১), এবং মো. মাসুদ (১৮)।
এ ঘটনায় আরো ১১ জনকে সনাক্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় একজনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ নিয়ে সুমনের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হলো ৫ জন।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. জাহিদ আহসান জানান, গত তিন দিনের চেষ্টায় শনিবার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২ এর একটি দল চারজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে আরো ১১জনকে সনাক্ত করা হয়েছে, যারা হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল।
তিনি আরো বলেন, আগামী নিউজ ডট কমের অপরাধ বিষয়ক সাংবাদিক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার মূল উদ্দেশ্য ছিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করা। সুমন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তাবাজার/কেএ