বন্ধন-৩২ নামে সমন্বিত ব্যাচ ডে উদযাপন করলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) ‘মোরা বন্ধন ৩২, মোরা গর্বিত ইবিয়ান, উড়াবো নিশান, করবো সুন্দর আগামীর সন্ধান’ স্লোগানকে ধারণ করে ব্যাচ ডে উদযাপন করেন তারা।
দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের এসকল শিক্ষার্থীরা। কর্মসূচির মধ্যে ছিল, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, রং খেলা, আলোচনা সভা, প্রীতি ভোজ এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা যায়, বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এসে ফ্লাস মোব প্রোগ্রামে মিলিত হয়।
এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। এছাড়া মধ্যাহ্ন ভোজের পর বন্ধন ৩২ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বার্তাবাজার/কেএ