প্রার্থীরা বলেন চাকরি নেই, দাতারা বলেন যোগ্য প্রার্থী নেই: শিক্ষামন্ত্রী

চাকরিপ্রার্থীরা বলেন চাকরি নেই আবার দাতারা বলেন, যোগ্য প্রার্থী নেই। সুতরাং সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমরা আর চাই না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, কারিগরি শিক্ষায় যেন অধিক শিক্ষার্থী শিক্ষিত হয়ে স্বাবলম্বী ও উদ্যোক্তা হতে পারে সে লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার রূপসায় সরকারি বঙ্গবন্ধু কলেজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এক সময় শিক্ষার ক্ষেত্রে সংখ্যাকে গুরুত্ব দেয়া হলেও বর্তমানে এর মানোন্নয়নে সরকার অধিক মনোযোগী। কারিগরি শিক্ষায় ভর্তির হার ১৭ শতাংশ। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ উন্নীত করা হবে।

শিক্ষার্থীদের উদেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে যেন তা সারাদেশের জন্য অনুকরণীয় হয়। দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি ব্যবহারে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি কিছু সামাজিক ও আবেগীয় দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। যোগাযোগ স্থাপন, টিমওয়ার্ক, মানবতা, পরমতসহিষ্ণুতা, দেশপ্রেম ইত্যাদি যেমন শিখতে হবে তেমনি লোভ, হিংসা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে ইত্যাদি থেকে দূরে থাকতে হবে।

কলেজের অধ্যক্ষ সরকার ফেরদৌস আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, এসপি এসএম শাফিউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাভভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, রূপসার ইউএনও নাসরিন আক্তার, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর