মুজিব বর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারের ডিজিটাল এক্সেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আন্তর্জাতিকীকরণের পথে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গাল ভরা বুলি হিসেবে দেখতে চাইনা, দেখতে চাই দৃশ্যমান, স্পর্শযোগ্য বাস্তবতা হিসেবে। ডিজিটাল লাইব্রেরি একসেস সেন্টার ও ডাটা সেন্টার আমাদের দৃশ্যমান বাস্তবতা। এসময় তিনি শিক্ষার্থীদের লাইব্রেরীমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী লাইব্রেরিতে আরো নতুন সুবিধাবাদী সংযোজন করা হবে।
গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিন্ডিকেট সদস্য এবং লাইব্রেরী অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া প্রমুখ।
এসময় প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইবিতে লাইব্রেরী অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৫০ হাজার বই ডিজিটাল লাইব্রেরীর আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা খুব সহজে লাইব্রেরী থেকে তাদের কাঙ্ক্ষিত বইটি খুঁজে বের করতে পারবেন।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের দ্বিতীয় তলায় ডাটা সেন্টারের উদ্বোধন করা হয়।
বার্তাবাজার/এমকে