জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের (৪৮ ব্যাচ) নবীনবরণ ও ক্লাবের ৫ম কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।
এ সময় নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির বলেন, ‘এ ক্লাবটি শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। দেখতে দেখতে এ ক্লাবের পাঁচটি কমিটি বিদায় নিয়েছে। ক্লাবের সাবেক কমিটির সদস্যরা একটি অ্যালামনাই সংগঠন করার সিদ্ধান্ত নিয়েছে আমি তাদের সাধুবাদ জানাই। জেইউসিসি আরও এগিয়ে যাবে এই কামনা করছি।’
ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী ইকবাল বলেন, ‘জেইউসিসি একাডেমিক পড়ালেখার পাশাপাশি চাকরির সেক্টরে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে সাহায্য করে। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে ক্লাবটি এগিয়ে যাচ্ছে। আগামীতে এই ক্লাবটি আরও এগিয়ে যাবে এই কামনা করছি।’

অনুষ্ঠানে ক্লাবের নবীন সদস্যদের ক্লাবের ব্যাজ দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পরে রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে কেক কেটে ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এছাড়া ক্লাবের সাবেক সদস্যদের নিয়ে জেইউসিসি অ্যালামনাই এসোসিয়েশনের ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এর আগে বেলা ১২টায় এ ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে PTE Academic এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য’ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব “Build Thyself, Serve the Nation” এই নীতিবাক্য নিয়ে ছয় বছর পূর্বে যাত্রা শুরু করেছিল। ক্লাবটি অলাভজনক সংগঠন হিসাবে বিশ্ববিদ্যালয়ে সল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের মধ্যে। ক্লাবটিতে বিভিন্ন ধরণের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের কিভাবে চাকুরী বাজারে প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলবে এবং বিসিএস বা ব্যাংক জবস প্রিপারেশনে গাইডলাইনসহ বাহিরে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়ে থাকে।
বার্তাবাজার/এমকে