প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের উহানে মারা গেছেন এক মার্কিন নাগরিক।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেইজিংয়ে মার্কিন দূতাবাস এই খবর দিয়েছে। উহানে এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হল।
বেইজিংয়ের মার্কিন দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে যে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে তার বয়স ৬০। আক্রান্ত সন্দেহে তাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভর্তি করানো হয়েছিল উহানের একটি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে।
প্রতিনিয়ত করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে। এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার আটশ ৮৮ জন।
করোনা আতঙ্কে বিপাকে পড়ে অন্তত ১৭টি শহরকে বিচ্ছিন্ন করে রেখেছে চীন। বিশ্বের বিভিন্ন দেশও করোনাভাইরাস থেকে বাঁচতে চীনের সঙ্গে যোগাযোগ রেখেছে।
এদিকে জাপানের যাত্রীবাহী সেই জাহাজে অন্তত ৬১ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা সমুদ্রে থাকা সেই জাহাজেই রয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি