জলসীমায় বাংলাদেশে অনুপ্রবেশ: ভারতীয় ১২ জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে সামুদ্রিক মাছ শিকারের অভিযোগে আবারো একটি ফিসিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীররাতে বঙ্গোপসাগরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে কোস্টগার্ডের নিয়মিত দল টহলরত অবস্থায় কোস্টগার্ড সদস্যরা বেশ কয়েকটি ভারতীয় ফিশং ট্রলারসহ জেলেদের দেখতে পায়। এ সময় ওই জেলেদের ধাওয়া করলে অন্য জেলেরা পালিয়ে গেলেও একটি ট্রলারসহ ১২ জন জেলেকে আটক করেন। এ নিয়ে ৭ দফায় ১০টি ফিশিং ট্রলারসহ ১১৫ জন ভারতীয় জেলে কোস্টগার্ডের হাতে আটক হলো।

শনিবার দুপুরে আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। পরে এ জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা করা হয়।

কোস্টগার্ডের বরাত দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এলাকায় কোস্টগার্ড টহলের সময় বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করে মাছ শিকার করছিল। এ সময় বাংলাদেশের কোস্টগার্ড তাদের ধাওয়া করে ১২ জনকে আটক করে। সাগর থেকে শনিবার দুপুরে তাদের মোংলা থানায় আনা হয়েছে।

রোববার (৯ ফেব্রয়ারি) আটক জেলেদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা। জেলেরা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।

সময় নিউজ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর