৩ ট্রাকের মঞ্চে সমাবেশের প্রস্তুতি বিএনপির

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর সমাবেশের মঞ্চ তৈরি করেছে বিএনপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) ১২টার দিকে দেখা যায়, মাইক লাগানো হয়েছে রাস্তার ডিভাইডারের লাইটপোস্টগুলোতে। মঞ্চের পেছন দিকে বাঁশের ফ্রেমে সাদা কাপড় টানিয়ে দেয়া হয়েছে। রাস্তার উপর মঞ্চ তৈরি করায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যপাশের রাস্তা দিয়ে দুপুর ২টা পর্যন্ত গাড়ি চলবে বলে জানা গেছে।

দলীয় চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশের লিখিত অনুমতি না মেলায় অনুষ্ঠান পণ্ড হওয়ার আশঙ্কা নিয়েই সমাবেশের মঞ্চ তৈরিসহ আনুসাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করছে দলটি। সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর ২টা থেকে।

এখন পর্যন্ত দলের কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি সমাবেশ মঞ্চের আশপাশে। তবে দুপুর ১২টার দিকে নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র নেতারা জানান, জনসভা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাছ থেকে মৌখিত অনুমতি পেয়েছেন। বিএনপির আজকের জনসভাকে সফল করতে শুক্রবার বিএনপি নেতাদের লিফলেট বিতরণ করতেও দেখা যায়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। গত দশ মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি। মুক্তি পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে জামিন নিতে হবে।

কারাবন্দি হওয়ার পর আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মু্ক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি দলটি। দুই বছর পর আজকের সমাবেশে বিএনপি নেতারা কী ঘোষণা দেন সেটাই এখন দেখার বিষয়।

<<সরাসরি>>নয়াপল্টন বিএনপির সমাবেশ থেকে….

Gepostet von Barta Bazar am Freitag, 7. Februar 2020

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর