সিরাজদিখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। একটু বৃষ্টিতে এবং বাসা-বাড়ির ময়লা পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। উপজেলা মোড় থেকে গোয়লবাড়ি মোড় হয়ে শিশু চিকিৎসক প্রবীর কুমারের বাড়িহয়ে নাহার কোল্ডস্টোর পর্যন্ত প্রায় দেড় কি.মি রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থার জন্য স্থানিয়রা দাবি জানিয়েছেন।
স্থানিয়দের সাথে কথা বলে জানা যায়, দিন দিন ঘনবসতির কারণে পুকুর ডোবা ভরাট করার কারণে পানি নিষ্কাসনের কোন ব্যবস্থা নেই। একটু বৃষ্টিতেই রাস্তাসহ বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। তাই স্থানিয় দের এখন একটাই দাবি দ্রুত যাতে ড্রেন করে দেয়া হয়।
সন্তুষপাড়া গ্রামের হাবিব সরকার বলেন, আমার বাড়ির ময়লা পানির জন্য যে হাউজ রয়েছে তা ভড়ে গেছে। এখন পানি যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় পানি জমে দুর্গন্ধসহ পোকা মাকড় সৃষ্টি হচ্ছে। তবে সরকারি ভাবে ড্রেন না হলে কিছুই করার থাকবে না। আমার মত এ সমস্যায় অনেকেই রয়েছে।
রাজদিয়া গ্রামের মটর গ্যারেজের মালিক নাদভী বলেন, বৃষ্টির পানি ও মটর সাইকেলের ওয়াসের পানি যাওয়ার মত কোন ব্যবস্থা না থাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। এখানে ড্রেনেজ ব্যবস্থা থাকলে এ সমস্যা দূর হয়ে যেত।
সিরাজদিখান বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, একটু বৃষ্টি হলে বাজারে পানি সরার কোন রাস্তা নাই। বাজারের পূর্ব ও পশ্চিম পাশে খাল ছিল। সে খালদুটো ভরাট করার পর বৃষ্টি পানি জমে হাটু পরিমাণ হয়ে যায়। তিনি আরো বলেন, সিরাজদিখান মাছ বাজারের পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ এর প্রয়োজন।
সিরাজদিখান উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিনে গিয়ে দেখে পরের অর্থ বছরে বার্ষিক উন্নয়নের কর্মসূচির আওতায় বাস্তবায়নের জন্য উপস্থাপন করবো।
বার্তাবাজার/এমকে