ঢাকায় আসছেন মমতা ব্যানার্জি

ঢাকায় আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ১৭ মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন তিনি।

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এ কথা জানান স্বয়ং মমতা নিজেই। এ সময় বর্ষব্যাপী এই উৎসবে অংশ নিতে নিজের আগ্রহ প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে এ দিন মমতা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছি, প্রটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যাওয়ার জন্য প্রস্তাব পাঠাচ্ছি। যেহেতু দুই দেশের সম্পর্কের বিষয় তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সঙ্গে নিজের দীর্ঘদিনের গভীর ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। সব সময় আমরা সেটা বজায় রাখি।’

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও ওই অনুষ্ঠানে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর এসেছে। গান্ধী পরিবারের সঙ্গেও শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্কের কথাও উল্লেখ করেন মমতা।

মমতা বলেন, ‘বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। দুই পরিবারের গভীর সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই।’

এর আগে ২০১৫ সালে শেষবার মমতা ঢাকায় এসেছিলেন। তখন কলকাতা থেকে ঢাকা বিশেষ বাস সার্ভিস ও ট্রেন চালুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকায় ছিলেন মমতাও। শেষ চার বছরে আর না গেলেও এবার যে তিনি যেতে পারেন তার ইঙ্গিত দিয়েছেন শুক্রবার। দু’মাস আগে বঙ্গবন্ধুকন্যা যখন ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত ম্যাচে এসেছিলেন তখনও মমতাকে ঢাকা আসতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর