প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে চার দিনের সরকারি সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শনিবার সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে ৪ ফেব্রুয়ারি রোম যান।
শুক্রবার রাতে ইতালির মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। এর আগে ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোমে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে ৫ ফেব্রুয়ারি জুসেপ্পে কন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক বিষয় এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত তিনটি চুক্তি সই হয়। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।
৫ ফেব্রুয়ারি সকালে রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইদিন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন। পরে ইতালির ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বার্তাবাজার/কে.জে.পি