কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারীসহ চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান বিষয়টি জানান।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ঝর্ণা বেগম (৩৫) নামে যে নারী মারা গেছেন, তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আনিছুর আরো বলেন, রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি বাস বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি উল্টে চাপা পড়ে চার জনের মৃত্যু হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে আহতদের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহতদের মরদেহ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।