১০ বছর আগে হারানো স্বামীকে ফেসবুকের মাধ্যমে ফিরে পেলেন স্ত্রী

লালমনিরহাটের আদিতমারী উপজেলার খারুভাজ গ্রামের বাড়ি থেকে বাজার করতে গিয়ে সিদ্দিক হোসেন নামে এক ব্যক্তি প্রায় ১০ বছর আগে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের লোকজন এক রকম আশাই ছেড়ে দিয়েছিলেন।

গত ৬ দিন পূর্বে সিদ্দিক মিয়াকে হারাগাছ মেট্রো থানার বাহার কাছনা এলাকায় অসুস্থ অবস্থায় রাস্তার ধারে বসে থাকতে দেখেন ওই এলাকার বাসিন্দা জাহেদুল ইসলাম। তাকে তার নাম বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারেনি।

পরে তিনি তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করান। এলাকার গণ্যমান্য ব্যক্তির পরামর্শে হারাগাছ থানায় জিডি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধ সিদ্দিক হোসেনের ছবি পোস্ট করেন।

এরই মধ্য ফেসবুকে ছবি দেখে এবং পুলিশ বিভিন্ন থানায় বার্তা প্রেরণের কারণে তাকে চিনতে পারেন স্ত্রী রশিদা বেগম ও কন্যা শিরিনা বেগম।

পরে তারা থানায় যোগাযোগ করলে হারাগাছ মেট্রোপুলিস প্রেস ব্রিফিং করে সবার উপস্থিতে বৃদ্ধ সিদ্দিক হোসেনকে গত বৃহস্পতিবার বিকালে রশিদা বেগমের কাছে তুলে দেন।

এদিকে হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পাওয়ায় থানা এলাকায় এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয়। কিছু সময় দুজন দুজনার দিকে হতবাক হয়ে চেয়ে থাকে।

রশিদা বেগম জানান, ১০ বছর আগে তার স্বামী খারুভাজ গ্রামের বাড়ি থেকে বাজার করতে যান। পরে তিনি আর বাড়ি ফিরে যাননি। তখন থেকেই তিনি নিখোঁজ হন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) কাজী মোস্তাকি ইবনু মিনান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহিগঞ্জ জোন ফারুক আহমেদ, হারাগাছ থানার ওসি রেজাউল করীমসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর