বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া শুরু

মেঘালয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে সোমবার থেকে শুরু হওয়া ‘সম্প্রীতি-৯’ শীর্ষক এই মহড়া ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী মেঘালয়ের উমরোইতে শুরু হওয়া মহড়ার বিষয়ে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ‘সম্প্রীতি’ একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই ধরনের মহড়া প্রতিবেশী দুই দেশই পর্যায়ক্রমে আয়োজন করে।

প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধিই মহড়ার উদ্দেশ্য। সম্প্রীতি মহড়ায় সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন অভিযানে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ও প্রাধান্য পেয়ে থাকে। সম্প্রীতি-৯ চলাকালে একটি কমান্ড পোস্ট মহড়া (সিপিএক্স) ও একটি ফিল্ড ট্রেনিং মহড়া (এফটিএক্স) সম্পন্ন করবে উভয় দেশের সামরিক বাহিনী। সিপিএক্স ও এফটিএক্সে জাতিসংঘ চার্টার মেনে সন্ত্রাস মোকাবিলায় দুই দেশের কার্যক্রমের একটি চিত্র ফুটিয়ে তোলা হবে। মহড়ায় দুই পক্ষের সেনারাই সন্ত্রাসবিরোধী অভিযানের যৌথ প্রশিক্ষণে অংশ নেবে।

এই মহড়ায় বাংলাদেশ হতে ১৬৯ জন অফিসার ও সৈনিক এবং ভারত হতে ১৪২ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪২তম ইনফেন্ট্রি রেজিমেন্ট এবং ভারত সেনাবাহিনী ২০ বিহার রেজিমেন্ট ১৪ দিন ব্যাপি এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে।

যৌথ এই সামরিক মহড়ার উদ্দেশ্যে হচ্ছে উভয় দেশের সেনা সদস্যদের কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষিত করা। এর আগে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে সম্প্রীতি-৮ মহড়া অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর