মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় আয়নাল(৩০) নামের এক অটোচালক কে গত ১০ জানুয়ারী দিবাগত রাতে হত্যা করে অটোবাইক নিয়ে যায় দুস্কৃতিকারিরা। ১১ জানুয়ারী ভোরে সিংগাইর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
একই দিনে নিহত আয়নালের স্ত্রী বিলকিছ বাদি হয়ে থানায় মামলা করেন। নিহত আয়নাল(৩০) রংপুর জেলার গঙ্গাঁচর থানার পূর্ব কচুয়া গ্রামের মকবুল মিয়ার পুত্র। সে সাভার থানার হেমায়েতপুর এলাকায় ভাড়া থেকে অটোবাইক চালাত।
পরে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর রুপনগর থানা এলাকা থেকে আসামীদের গ্রেফতার করেন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল-নেত্রকোনা জেলার বারহাট্রা থানার সোনাউল্লারচর গ্রামের মৃত.ইন্তাজ আলির পুত্র গোলাম হোসেন(৩২),একই গ্রামের মৃত.আসন আলির পুত্র নুর আমিন (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়,নিহত আয়নাল(৩০) সাভার থানার হেমায়েতপুর এলাকা ভাড়া বাসায় থেকে অটোবাইক চালাত। সেই সুবাধে গত ১০ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে অটোবাইক চালাতে বের হলে সিংগাইর উপজেলার ফোর্ডনগর আখতার ফার্নিচার এলাকা থেকে ২ জন লোক ৩০ টাকা ভাড়া বলে সাভার ফুলবাড়িয়া এলাকার উদেশ্য রওনা দেয়।
পথিমধ্যে অটোবাইক থামিয়ে চালককে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ধল্লা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার ঢালে ফেলে অটোবাইক নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মো.আনোয়ার হোসেন ও এস,আই মো.আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার ভোরে ঢাকার রুপনগর থানা এলাকা থেকে হত্যাকারিদের আটক করে ।ওদের তথ্যের ভিত্তিতে সারাদিন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অটোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুস সাত্তার মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের শনিবার সকালে কোর্টে প্রেরন করা হবে।
বার্তা বাজার/এসজে