ফেন্সিডিলসহ ট্রাক জব্দ : আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ফেন্সিডিল পাচারের সময় নুর করিম(৪৭) নামে পাচারকারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। এসময় ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তা বাজারকে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান।

এর আগে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর চেকপোস্টে পণ্য বোঝাই চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি হলুদ রংয়ের ট্রাকে তল্লাশী করে ৪৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ নুর করিমকে আটক করা হয়। তল্লাশীকালে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটক আসামি চট্টগ্রাম হতে স্টীল শীটের কয়েল বোঝাই ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছিল। সে ট্রাকের ভিতরে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে চালকের পাশের সীটের উপরে ২টি ট্রাভেল ব্যাগের ভিতর তালাবদ্ধ অবস্থায় লুকিয়ে মাদক নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।

র‍্যাব জানায়, আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, নুর করিমের বাড়ি ফেনী জেলার সদর থানাধীন পূর্ব মধুপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা। চালক ছিল তার ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর