নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। এজন্য নদীগুলোকে প্রবাহমান রাখতে হবে। নদী দখলকারীদের তালিকা সংসদে উত্থাপন হয়েছে সেটি নিয়ে সরকার কাজ করছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারে উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশের নদীগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। নদীগুলোকে নিয়ে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে, কমিটি নদী রক্ষায় কাজ করছে। নদী দখলের খবর পেলেই আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এমকে