বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের চার কমর্চারী চুরি করতে গিয়ে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করেও রক্ষা হয়নি। অফিসে থাকা স্টাফদের বেতনের বিপুল পরিমাণ টাকা সরিয়ে তারা সাজিয়ে ছিলেন চুরির নাটক। পরে পুলিশের জালে তারা ধরা পড়েন। উদ্ধার হয় চুরি হওয়া টাকাগুলোও।
বনানীতে বেসরকারি প্রতিষ্ঠান বাংলা ক্যাটের অফিস। গেলো সপ্তাহের শেষ দিন অফিস শেষে যে যার মতো অফিস ছাড়েন। রবিবার অফিসে এসে প্রতিষ্ঠানটির পদস্থ কর্মকর্তার ড্রয়ার ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। যাতে থাকা ৫৮ লাখ টাকা গায়েব।
বাংলা ক্যাটের লজিস্টিক হেড শমসের আহমেদ বলেন, আমি অফিসে এসে লকার খুলে দেখি ভেতরে কিছু নেই। আমরা পুলিশকে বিষয়টি জানালাম। নিজেরাও কিছু বের করার চেষ্টা করলাম। যেহেতু অফিসে সিসিটিভি ক্যামেরা আছে আমরা সেটি দেখে একটি ক্লু পেলাম, তা আমরা পুলিশকে ফরওয়ার্ড করি। এতো তাড়াতাড়ি যে আমরা এর ফলাফল পেয়ে যাবো, তা আমরা ভাবিনি।
এই ঘটনায় অনুসন্ধানে নামে গোয়েন্দা পুলিশ। সংগ্রহ করা হয় সিসিটিভির ফুটেজ। কিন্তু বিপত্তি বাধে ওই সময়টিতে সিসিটিভির কোন সংযোগ ছিল না। তবে হঠাৎ মেলে ক্লু। যে কক্ষে টাকা ছিল সেখানকার সিসি ক্যমেরার সংযোগ বিচ্ছিন্ন করার ছবি পাওয়া যায়। দেখা যায় ক্লিনার আসাদ সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করছেন।
তাকে জিজ্ঞাসাবাদ করেই মিলে তথ্য। জানা যায় মূল পরিকল্পনাকারী অফিস সহকারি জাকিরের দিক নির্দেশনায় শনিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ধাপে ধাপে এই পুরো টাকা অফিস থেকে বের করে লিটনসহ অন্যরা।
পুলিশ বলছে, প্রতিষ্ঠানের কর্মচারিদের বেতন দেয়ার জন্যই টাকা রাখা হয়েছিল। ঘটনায় প্রতিষ্ঠানের আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ডিবির উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ‘গ্রেপ্তার চারজন আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন। তাদের হেফাজত থেকে ৫৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকার হদিস পাওয়ার জন্য পলাতক আরেক পিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘কম বেতনের এসব কর্মচারী কোটিপতি হওয়ার লোভে নিজ অফিসের কর্মীদের বেতনের টাকাই চুরি করেন। এটা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অ্যালার্মিং। এর আগে বনানীতেও এ ধরনের কর্মচারীর হাতে প্রাণ হারিয়েছেন চীনা ব্যবসায়ী। কাছে থাকা নগদ টাকার লোভে তার বাসার কর্মচারীরাই তাকে হত্যা করে। কাজেই সব প্রতিষ্ঠানের উচিত তার অধস্তন কর্মচারীদের সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য সিসিটিভি ক্যামেরা ঠিক আছে কি না পরীক্ষা করা। পাশাপাশি নগদ টাকা রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা।’
বার্তাবাজার/কে.জে.পি