অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি খুর্শিদ রাজীবের কবিতার বই ‘জীবন্ত ফসিল’। প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্সে অধ্যয়নরত খুর্শিদ রাজীবের প্রথম কাব্যগ্রন্থ এটি। বইটিতে মোট ৪০ টি কবিতা রয়েছে৷
খুর্শিদ রাজীব বলেন, ‘কবিতা যদি হয় কবির দেখাশোনার পৃথিবীটাকে অক্ষরমালায় উপস্থাপন, তবে জীবন্ত ফসিলও কতকটা আমার চেনা পৃথিবীকে যেভাবে দেখেছি, অনুভব করেছি সেসবেরই প্রতিচ্ছবি মাত্র। অবশ্য এসব প্রলাপ কতোটা কবিতা হয়ে উঠেছে তা পাঠকই বলতে পারবেন ভালো। আমি অবশ্য এই এলোমেলো অক্ষরগুচ্ছকে প্রলাপ বলতেই পছন্দ করি তীব্র জ্বরের সময় অর্ধচেতন মগজের প্রলাপের মতো।’
বইটিতে বিশেষ কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রলাপগুলো কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে উদ্দিষ্ট হয়ে লেখা নয়, বরং বলা যায়, স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত আমার একান্ত নিজস্ব ভাবনাগুলো নিকোটিনের হলদে বিষের সঙ্গে মিশ খেয়ে অক্ষরের কলেবর পেয়েছে মাত্র।
অনুভূতির চাপে শ্রাবণ ঢলের মতো ঝরে গিয়ে সৃষ্টি হওয়া এসব প্রলাপের কোনোটায় তাই ফুটে উঠেছে চেনা বাস্তবতার সঙ্গে আমার লালিত স্বপ্ন-বাসনাগুলোর সংঘাত; কোনোটায় জটিল জীবনের সরল স্বীকারোক্তি; কোনোটায় সভ্যতার হিপোক্রেসি; কোনোটায় আবার প্রকাশ পেয়েছে মধ্যবিত্ত প্রেমের চাওয়া-না পাওয়াগুলো।’
‘জীবন্ত ফসিল’ পাওয়া যাচ্ছে ঢাকায় চলমান অমর একুশে গ্রন্থমেলার পূর্বা প্রকাশনীর ৩৯০ নং দোকানে।
বার্তাবাজার/এমকে