ময়মনসিংহে যাত্রীর ফেলে যাওয়া দুই লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততা ও মহত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। তার নাম জয়নাল আবেদীন ওরফে জয়নাল পাগলা।
জয়নাল আবেদীন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এদিকে হারানো টাকা ফিরে পেয়ে ওই যাত্রী খুশিতে সততার পুরস্কার হিসেবে জয়নালকে পুরস্কৃত করতে চাইলেও তিনি তা গ্রহণ করেনি।
টাকা ফেরত পেয়ে শফিকুল ইসলাম নামে ওই যাত্রী জানান, বুধবার বিকালে মোটরসাইকেল কেনার উদ্দেশে আমার সহকর্মী আতাউর রহমানকে সঙ্গে নিয়ে অটোরিকশা করে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় একটি মোটরসাইকেলের শো-রুমে যাই। গন্তব্যে পৌঁছে অটোরিকশা চালককে ভাড়া দিয়ে বিদায় করে দেই। শো রুমে মোটর সাইকেলের টাকা পরিশোধের সময় দেখেন সঙ্গে নিয়ে আসা ২ লাখ ৩০ হাজার টাকা নেই।
শফিকুল আরও বলেন, কিছুক্ষণ পর অটোচালক জয়নাল মোটরসাইকেলের শোরুমে এসে তাকে খুঁজে বের করেন। টাকাগুলো ফেরত দিয়ে বলেন, এ টাকাগুলো আপনারা অটোরিকশার সিটে ভুল করে ফেলে রেখে এসেছিলেন। পরে আমি হারানো টাকা ফিরে পেয়ে খুশিতে সততার পুরস্কার হিসেবে জয়নালকে পুরস্কৃত করতে চাইলেও তিনি তা গ্রহণ করেনি।
অটো চালক জয়নাল আবেদীন জানান, ওই দুই যাত্রীকে জুবলীঘাট এলাকায় নামিয়ে দেয়ার পর ব্রহ্মপুত্র নদের ব্রিজের কাছে আসতেই অটোরিকশার পেছনের সিটে তিনি একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন। হাতে নিয়ে দেখেন অনেক টাকা। অটো রিকশার দুই যাত্রী ভুল করে টাকাগুলো ফেলে রেখে গেছেন বুঝতে পেরে তিনি জুবলীঘাট এলাকায় ওই যাত্রীর খোঁজে যান এবং মোটর সাইকেলের শোরুমে দুই যাত্রীকে খুঁজে পেয়ে টাকা ফিরিয়ে দেন।
বার্তাবাজার/কে.জে.পি