ভোটার উপস্থিতি বাড়াতে নতুন পরিকল্পনায় ক্ষমতাসীন দল

নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে নানা পরিকল্পনা ও ছক কষছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি নিজেদের দুর্বলতাও খতিয়ে দেখার কথা বলছে দলটি।

সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া বা ভোটের প্রতি অনাগ্রহ দলটিকে ভাবিয়ে তুলেছে। করণীয় ঠিক করতে আসছে কার্যনির্বাহী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় রাখা হবে।

১লা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণার কোন কমতি ছিল না। কিন্তু ভোটের দিনের চিত্র ছিল হতাশাজনক। বাইরে কর্মীদের ভীড় থাকলেও ভোটকেন্দ্রের ভেতর ছিল ভোটার শূন্য।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সমাগম হয়। ভোট পড়ে ৮৬ দশমিক ৩৪ শতাংশ। সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে ভোট পড়ে গড়ে ৭৫ শতাংশ।

চতুর্থ ও পঞ্চম সংসদ নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৫৫ শতাংশ। তৃতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশ এবং ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পড়েছিল।

ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, দেশ উন্নত হওয়ায় নির্বাচন ব্যবস্থায় কর্মব্যস্ত মানুষের আগ্রহ দিন দিন কমছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য যাদেরকে গণতন্ত্রের পাদপিঠ হিসেবে বিবেচনা করা হয়, সে সমস্ত দেশেও কিন্তু নির্বাচনে ভোটের হার অনেক কম। আসলে দেশ যখন উন্নত হয়, তখন সেই দেশের জনগণের মধ্যে তাদের নিজস্ব কাজকর্ম নিয়ে ব্যস্ততা বেড়ে যায়, যার ফলে অনেকেরই এই ভোট প্রদানের আগ্রহটা কমে আসে।’

তারা মনে করেন, ভোটারদের কেন্দ্রমুখী করতে সরকারি ও বিরোধী দলের পাশাপাশি সুশীল সমাজকেও ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম জানান, ‘সরকারে যারা আছে তাদের যেমন দায়িত্ব, যারা বিরোধী দলে আছে তাদেরও তেমন দায়িত্ব, সবাই মিলে চেষ্টা করতে হবে ভোটারদের অংশগ্রহণ যেন বাড়ে। সুশীল সমাজেরও এদেশের মানুষের প্রতি কিছু ভূমিকা থাকা দরকার। তারাও যদি তাদের দায়িত্ব পালন করতে পারতেন, তবে মানুষের আগ্রহ কিছুটা বাড়তো।’

বৃহষ্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি কার্যনির্বাহী কমিটির সভায় খতিয়ে দেখা হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ডিবিসি নিউজ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর