ময়মনসিংহে একটি অটোরিকশার সিটে অটোরিকশার সিটে দুই লাখ ৩০ হাজার টাকা ফেলে যান দুই যাত্রী। তাদের খুঁজে বের করে সেই টাকা ফিরিয়ে দিলেন জয়নাল আবেদীন ওরফে জয়নাল পাগলা (৫৮) নামে এক অটোরিকশাচালক। শুধু তাই নয়, হারানো টাকা ফিরে পেয়ে ওই দুই যাত্রী সততার পুরস্কার হিসেবে জয়নালকে কিছু টাকা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি।
বুধবার বিকেলে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, জয়নাল আবেদীন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা।
টাকার মালিক গৌরীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম দৈনিক আমাদের সময়কে জানান, মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে আতাউর রহমানকে নিয়ে তিনি অটোরিকশায় করে গতকাল বিকেলে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় একটি মোটরসাইকেল শো-রুমে যান। গন্তব্যে পৌঁছে অটোরিকশাচালক জয়নালকে ভাড়া দিয়ে বিদায় করে দেন তিনি। পরে মোটরসাইকেল কেনার পর টাকা পরিশোধের সময় টের পান সঙ্গে নিয়ে আসা দুই লাখ ৩০ হাজার টাকা নেই। এ সময় তিনি হতাশ হয়ে পড়েন।
শফিকুল আরও বলেন, ‘কিছুক্ষণ পর জয়নাল মোটরসাইকেলের শোরুমে এসে তাকে খুঁজে বের করে টাকাগুলো ফেরত দেন। ’
অটোরিকশাচালক জয়নাল জানান, উল্লেখিত দুই যাত্রীকে ময়মনসিংহ শহরে জুবলীঘাট এলাকায় নামিয়ে দেওয়ার পর ব্রহ্মপুত্র নদের ব্রিজের কাছে আসতেই তিনি তাকিয়ে দেখেন অটোরিকশার পেছনের সিটে টাকার বান্ডেল পড়ে রয়েছে। ওই দুই যাত্রী ভুলে টাকাগুলো ফেলে রেখে গেছেন বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক জুবলীঘাট এলাকায় চলে যান যাত্রীর খোঁজে। সেখানে সেই মোটর সাইকেলের শোরুমে দুই যাত্রীকে খুঁজে পেয়ে সিটে ফেলে রাখা টাকা ফিরিয়ে দেন জয়নাল।
শফিকুলের সঙ্গে অপর এক যাত্রী ছিলেন সিবিএ কেন্দ্রীয় কমিটির নেতা গৌরীপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আতাউর রহমান। তিনি জানান, জয়নাল দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও চার কন্যা সন্তান নিয়ে কষ্টে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি তার জীবদ্দশায় সততা ও নীতির প্রশ্নে কোনোদিন মাথানত করেননি।
আতাউর রহমান বলেন, ‘টাকাগুলো তিনি ইচ্ছে করলেই আত্মসাৎ করতে পারতেন। সেই টাকা ফেরত দিয়ে তিনি বর্তমান যুগে সততা ও মহত্বের এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
তিনি আরও জানান, টাকা পাওয়ার পর জয়নালকে তারা কিছু আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
বার্তা বাজার / ডব্লিও.এস