পথ ভুলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার খারুভাজ গ্রাম থেকে হারিয়ে যাওয়া বৃদ্ধ সিদ্দিক হোসেন (৭০) দীর্ঘ ১০ বছর পর তার আপন ঘরে ফিরেছেন। দীর্ঘদিন পর হারানো সিদ্দিককে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা স্ত্রী রশিদা ও মেয়ে শিরিনা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের হারাগাছ থানা পুলিশের আয়োজনে উদ্ধার হওয়া বৃদ্ধ সিদ্দিককে তার পরিবারের কাছে তুলে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) কাজী মুত্তাকি ইবনু মিনান।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ ও হারাগাছ থানা পুলিশের ওসি রেজাউল করিম উপস্থিত ছিলেন।
উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার খারুভাজ গ্রামের বৃদ্ধ সিদ্দিক হোসেন প্রায় ১০ বছর আগে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। দীর্ঘদিন ধরে পথ ভুলে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।
গত কয়েকদিন আগে হারাগাছের বাহারকাছনা এলাকা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করেন ওই এলাকার জাহেদুল নামে এক ব্যক্তি। পরে তিনি এ ব্যাপারে হারাগাছ থানায় একটি জিডি করেন। জিডি হওয়ার পর হারাগাছ থানার ওসি রেজাউল করিম বৃদ্ধের স্বজনদের সন্ধানে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান।
ওসির অনুসন্ধানে অবশেষে বৃদ্ধের আপন ঘরের সন্ধান পাওয়া যায়। পথ ভুলে হারিয়ে যাওয়া বৃদ্ধকে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়।
বার্তাবাজার/এমকে