ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দরিদ্র পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। আগুনে ঘর তো পুড়েছেই, সেই সঙ্গে ছাই হয়েছে কারও বহু কষ্টের নগদ গচ্ছিত টাকা।
ঘটনাস্থলে গিয়ে চোখে পড়ে ঘর পোড়া মানুষের আহাজারি। ঘরের সাথে আগুন কেড়ে নিয়েছে তাদের শেষ সম্বলটুকুও। সর্বস্ব হারিয়ে বর্তমান খোলা আকাশের নীচে বসবাস করছেন তারা।
বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) বিকালে উপজেলার বেলবানা বিশ্বাস পাড়া আনোয়ার শেখ, বিধবা নেহারুন নেছা ও রেবেকা বেগমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বুধবার বিকালে প্রথমে রেবেকা বেগমের রান্না ঘর ও বসতঘরে হঠাৎ করে আগুন লেগে সম্পূর্ণ ঘর পুড়ে যায়। একপর্যায়ে ওই আগুন পাশের ঘরের নেহারুন নেছা ও আনোয়ার শেখের বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনজনের বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিধবা নেহারুন নেছা তার বসতঘর থেকে কিছু পোড়া টাকা কুড়ানোর সময় কাঁদতে কাঁদতে বলেন, ‘ বহু কষ্টে অনেক দিন ধইরে কিছু টাকা গুছাইয়ে রাখছিলাম। কিন্তু আগুনে সেই টাকাগুলো পুইড়ে ছাই হয়ে গেল।’
আগুনে ক্ষতিগ্রস্ত রেবেকা বেগম বলেন, ‘ ভাবছি বাড়ীতে ভালো একটা ঘর দিবো, তাই কিছু টাকা ঘরে জমা করছিলাম। কিন্তু যা কামাইছি সব আগুনে পুইড়ে গেল।’
আনোয়ার শেখ জানান, ‘আগুনে তার সম্পূর্ণ ঘর পুড়ে নগদ টাকা-পয়সা, চাল, ডালসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’
এ দিকে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান ঘটনাস্থান পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারি ভাবে আর্থিক সহয়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস