কুষ্টিয়ায় এক শিশুর সুন্নতে খৎনা করতে গিয়ে বৃদ্ধ হাজামের হাতে পুরুষাঙ্গ কর্তনের মতো নারকীয় ঘটনা ঘটেছে। কথিত হাজাম ফুরকান আলী খলিফাকে (৭০) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত শিশু স্থানীয় আকতার হোসেনের ছেলে সাদিক (৯) । সে উদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানিয়েছেন, শিশু সাদিকের লিঙ্গের দুই-তৃতীয়াংশ কেটে ফেলায় প্রচুর রক্ষণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
সাদিকের পিতা আকতার হোসেন বলেন, সকাল ৯টায় ছেলের খৎনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। যথারীতি নিয়মে খৎনা করতে গিয়ে পরপর দুইবার খুর চালিয়ে লিঙ্গের মাথা থেকে দুই টুকরো কেটে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি যখন খুব খারাপের দিকে যায় তখন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়েছেন লিঙ্গ কেটে ফেলা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, খৎনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কেটে ফেলার অভিযোগে হাজাম (খৎনাকারী) ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ।
আটক ফুরকান আলী সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়ার মৃত আব্দুল আজিজ খলিফার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/ এসজে