স্বস্তিকার বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বাবা খ্যাতিমান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে হঠাৎই এই অভিনেতার শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সন্তু। সঙ্গে রয়েছেন তার দুই মেয়ে স্বস্তিকা ও অজপা মুখোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে সুগারের সমস্যায় ভুগছেন সন্তু মুখোপাধ্যায়। এছাড়া তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। স্বস্তিকা জানিয়েছেন, তার বাবার অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে সংসার, সীমান্তে, রাজা, হারমোনিয়াম, প্রতিমা, দেবদাস, শেষ বিচার, স্বামী স্ত্রী, ন্যায় অন্যায়, মালঞ্চ, হেমন্তের পাখি, অগ্নিপথ, সপ্তসুরসহ বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। বাংলা সিনেমার এক আলোকিত মানুষ তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর