ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তন চক্রের ৫ সক্রিয় সদস্য আটক

নরসিংদী থেকে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তন চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‍্যাব ১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১১ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রেজাউল হক।

এর আগে সকালে সামাজিক যােগাযােগ মাধ্যমের সাহায্যে ভূয়া প্রশ্নপত্র প্রদান ও রেজাল্ট পরিবর্তনের নামে প্রতারণা করে অর্থ সংগ্রহের সাথে জড়িত থাকায় নরসিংদী জেলার বেলাবাে থানার বিভিন্ন এলাকা হতে ৫ জন ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও রেজান্ট পরিবর্তনকারীকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা সকলেই অপ্রাপ্ত বয়স্ক (১৭)।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই নরসিংদীর বেলাবাে থানা এলাকার বিভিন্ন কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। তারা চলমান এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের জন্য “Gre a, V.P Khan, Prince Khan, Akter Khan, Prince Niloy, Mayabi Polok, Rohan Chowdhary” নামে ভুয়া ফেসবুক আইডি খুলে।

তারা এই সমস্ত আইডিগুলােতে চলমান এসএসসি পরীক্ষার সকল বাের্ডের বিভিন্ন বিভাগের প্রশ্ন প্রদানের বিজ্ঞাপন দিয়ে পােষ্ট দেয়। এতে করে অনেক এসএসসি পরীক্ষার্থী প্রলুন্ধ হয়ে তাদের সাথে “Messenger” এ যােগাযােগ করে প্রশ্ন পাওয়ার আশায় বিকাশে টাকা প্রদান করে। তাদের কাছ থেকে জন্দ করা মােবাইলে এ সংক্রান্তে প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আরােও জানা যায়, ইতােপূর্বে তারা সকলেই তাদের নিজেদের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করার আশায় ফাঁস হওয়া প্রশ্নপত্র প্রাপ্তির চেষ্টায় লিপ্ত হয়েছিল। তখন তারা বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যমে, বিশেষতঃ বিভিন্ন ফেসবুক আইডি এবং পেইজ এর প্রতি তারা লক্ষ্য রাখতে থাকে। কিন্তু তারা প্রত্যেকেই সেই সময়ে কোনরুপ প্রশ্ন ফাঁস না হওয়ায় প্রশ্ন সংগ্রহ করতে ব্যর্থ হয় এবং সকল ক্ষেত্রেই বিকাশের মাধ্যমে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়।

সেই সময় থেকেই তাদের মাথায় ভুয়া প্রশ্নপত্র ফাঁসের কথা বলে বিভিন্ন এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার মতাে অপকর্মের চিন্তা জন্ম নেয়।

উল্লেখ্য যে, চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসের দায়ে র্যাব ফোর্সেস এই পর্যন্ত ৩৫ (পয়ত্রিশ) জনকে দেশের বিভিন্ন প্রান্ত হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যার মধ্যে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতারকৃত প্রতারকের সংখ্যা ৭।

সংবাদ সম্মেলনে র‍্যাব ১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর