তিতাসের অভিযানে ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ৩ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা সহ অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।

অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস (জোবিঅ) এর উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজ সকাল থেকে শুরু হওয়া আমাদের নিয়মিত অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সাভারের আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালিত করেছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের বৈধ বিতরণ লাইন থেকে ২ ইঞ্চি ও ১ ইঞ্চি লাইনের মাধ্যমে অনেক দীর্ঘ সংযোগ নিয়েছে। আমরা আজ এই সম্পূর্ণ অবৈধ লাইন উচ্ছেদের চেষ্টা করেছি। তাতে আনুমানিক ৩ কিলোমিটার লাইন বিচ্ছিন্ন হয়েছে। এতে প্রায় ২ হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

তিনি জানান, এছাড়া মদিনা চানাচুর নামে একটি কারখানা আমাদের মূল বিতরণ লাইন থেকে অবৈধ সংযোগ ব্যবহার করে আসছিলো। আমরা এই কারখানার লাইন বিচ্ছিন্ন করেছি এবং এর মালিক ফজলুল হক এর বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইনে নিয়মিত মামলা দায়ের করেছি।

অবৈধ সংযোগ প্রদানকারীদের ব্যাপারে গণমাধ্যমকে তিনি আরও জানান, এদের ব্যাপারে আমরা যথাযথভাবে তথ্য নেবার চেষ্টা করেছি। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও এব্যাপারে আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছে। এদের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইনে নিয়মিত মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক একরামুল হক এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলো।


বার্তা বাজার / এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর