ল্যাপটপ চুরি করে ফেসবুক পোস্ট, আটক ৩

একেতো স্কুল থেকে চুরি যাওয়া ল্যাপটপ। যে কারণে পুলিশ প্রশাসন ছিল চোর ধরতে তৎপর। তার মাঝে চোর দলের এক সদস্য আবারো সেই চুরি যাওয়া ল্যাপটপ নিয়ে ফেসবুকে পোষ্ট দিয়ে পুলিশের চোর ধরার কাজকে আরো বেশি সহজ করে দিলো। ফেসবুকের পোষ্ট দেখে চট্টগ্রামে আটক হয়েছে তিন চোর। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দু’টি ল্যাপটপ এবং একটি প্রজেক্টর। আর ঘটনা ঘটেছে নগরীর কোতোয়ালী থানা এলাকায়।

গ্রেফতারকৃত চোর দলের সদস্যরা হলেন- জাকির হোসেন (৩১), নাহিয়ান উল হক খান (২৭) এবং মজিবুর রহমান (৩০)। এদের মধ্যে জাকির হোসেন হলো মূল চোর। আর বাকি দু’জন চোরাই সামগ্রীর বিক্রেতা। গত ২৮ জানুয়ারি সন্ধ্যার পর নগরীর লাভ লেইন বৌদ্ধ মন্দির মোড় সংলগ্ন সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের ভেতর থেকে চুরি হয়েছিলো ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর এবং ১টি নোটপ্যাড। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বদরুন নেছা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, ‘স্কুলের গুরুত্বপূর্ণ শিক্ষা সামগ্রী চুরি হওয়ায় আমরা চেষ্টা করছিলাম চোর দলের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনতে। কিন্তু চোর দলের সদস্যদের শনাক্ত করা যাচ্ছিলো না। শেষ পর্যন্ত ফেসবুকের একটি পোষ্ট আমাদের চোর দলকে গ্রেফতার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে ভূমিকা রেখেছে।’

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ পরিদর্শক মৃণাল কান্তি মজুমদার জানান, স্কুলের ঠিক পাশের একটি বাসায় ভাড়া থাকতো জাকির হোসেন। ফেসবুকে জাকির ল্যাপটপের ছবি দিয়ে একটি পোষ্ট দেয়। পরবর্তীতে সেই পোষ্টের স্ক্রিনশর্ট নিয়ে স্কুলের শিক্ষকদের দেখালে তারা চুরি যাওয়া ল্যাপটপের ছবি বলে শনাক্ত করে। এরপর স্টেডিয়াম এলাকা থেকে প্রথমে জাকির হোসেনকে পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি দু’জনকে গ্রেফতার করা হয়। জাকিরের বিরুদ্ধে নিয়মিত মাদক সেবনের পাশাাপশি চুরির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনই ঘনিষ্ট সহযোগী। মূলত জাকির চুরি করার পর চোরাই পন্য বিক্রির দায়িত্ব ছিলো নাহিয়ান এবং মজিবুরের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর