আওয়ামীলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়াকে জবাই করে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এই রায় দেন।

জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আবদুর রহমান ও মো. জয়নাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার ও মো.শাহজালাল।

আদলত সূত্র জানা যায়, নিহত আবদুল মান্নান ভূঁইয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে মান্নানকে জবাই করে হত্যা করা হয়। রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদলতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে হত্যাকান্ডের সঙ্গে আসামিরা জড়িত রয়েছে বলে আদালতে প্রমাণিত হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর