করোনাভাইরাস: ক্ষতির মুখে চীন-বাংলাদেশ বাণিজ্য

করোনাভাইরাসের কারণে চীনে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বাংলাদেশও তার বাইরে নয়।

চীনে করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যবসায়ীক ক্ষতির আশঙ্কায় আছেন দেশের উদ্যোক্তারা। চীন কাঁচামালসহ নানা রকম পণ্যের সরবরাহ উৎস হওয়ায় প্রভাব পড়বে দেশের সার্বিক রপ্তানিতেও। এর মধ্যে কমেছে চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানিও।

বাংলাদেশ-চীন দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে ৪ হাজার ১শ’ কোটি মার্কিন ডলার। যার মধ্যে বাংলাদেশ রপ্তানি করে মাত্র ৮৩ কোটি ১২ লাখ মার্কিন ডলার। আর আমদানি করে সাড়ে তেরশ’ কোটি মার্কিন ডলারেরও বেশি। বড় অংকের এই আমদানি পণ্যেই আবার নানা রুপে রপ্তানি হয় সারা বিশ্বে।

করোনাভাইরাস আতঙ্কে বাণিজ্য সংকুচিত হলে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ফয়েজুল আলম বলেন, ‘ইতিমধ্যে আমরা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। চলতি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আড়াই থেকে তিনশ’ বাণিজ্যিক প্রদর্শনী ঝুঁকির মধ্যে পড়েছে অথবা স্থগিত হয়েছে। বিভিন্ন পণ্যের জন্য উহান প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ স্থান। প্রিন্টিং টোনার এসব উহান থেকেই ইমপোর্ট করা হয়। তাই এ সমস্যা যতদিন থাকবে ততদিন আমরা অ্যাফেক্টেড থাকব।’

এদিকে আমদানিকারকরা বলছেন, চীনা নববর্ষের কারণে চলা ছুটির কারণে তাৎক্ষণিক প্রভাব না পড়লেও সংকট দীর্ঘস্থায়ী হলে ক্ষতির মুখে পড়বে সারা বিশ্ব।

আমদানিকারক আবু বকর সিদ্দিক জানান, যদি চীন থেকে দেশে কোনো পণ্য আসতে ১৫ দিন বিলম্ব হয় তাহলে তার প্রভাব সারা বিশ্বে পড়বে। আর একটা প্রোডাক্ট যদি পৌঁছাতে বিলম্ব হয় তাহলে প্রতিটি প্রোডাক্টের শিপমেন্ট বিলম্ব হবে।’

অন্যদিকে, শুল্ক বিভাগ বলছে, চীনা নববর্ষের ছুটিতে এমনিতেই দেশটির সঙ্গে বাণিজ্যে ধীর গতি থাকে। তবে, এরমধ্যেও রপ্তানি কমে গেছে।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ সোলাইমান হোসেন বলেন, ‘এই ছুটির মধ্যে কোনো পণ্য আমদানি হয়নি, এমনকি চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত চীন থেকে কোনো পণ্যবাহী জাহাজ আসারও সম্ভাবনা নেই।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ১৫ ট্রিলিয়ন ডলার জিডিপি’র চীনা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। আর বাংলাদেশও তার বাইরে নয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর