শেষ কবে টেস্ট খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল? স্মৃতির পাতা উল্টে ফিরে যেতে হবে ২০০৩ সালে। টাইগাররা তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে করাচি, পেশওয়ার ও মুলতানে। ৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ায় পাকিস্তান-বাংলাদেশ সিরিজের শেষ টেস্ট।
মুলতানে ১ উইকেটে জয় পাওয়া পাকিস্তান সেবার টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশকে। খালেদ মাহমুদ ছিলেন টাইগারদের কাপ্তান।
২০০৩ সালের বাংলাদেশ সফরের সে দলে ছিলেন- হান্নান সরকার, হাবিবুল বাশার, আশরাফুল, রাজিন সালেহ, রফিক, মনজুরুল ইসলামরা। দীর্ঘ ১৬ বছর পর আবারও টেস্ট খেলতে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ। এবার টাইগারদের দলপতি মুমিনুল হক। এ সফরে আছেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেনদের মতো তারকা সব ক্রিকেটার।
অবশ্য এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। টাইগাররা খেলবে রাওয়ালপিন্ডিতে। সংক্ষিপ্ত সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় দোহা হয়ে ইসলামাদের উদ্দেশে উড়াল দেন মুমিনুল, মাহমুদউল্লাহরা। অবশ্য কদিন আগেও পাকিস্তান গিয়েছিল টাইগাররা।
সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। স্বাগতিক পাকিস্তানের কাছে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হারে ২-০তে। তবে টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে এবার টেস্টে ভালো কিছুর প্রত্যাশা টাইগারদের।
পাকিস্তানের বিপক্ষে কখনই টেস্টে জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ১০ ম্যাচে ৯ হারের বিপরীতে ড্র একটি। অতীতের জয় না পাওয়ার আক্ষেপ এবার কি ঘুচাতে পারবেন মুমিনুলরা? সেটা না হয় সময়ের হাতেই তোলা থাক। আপাতত বাংলাদেশ দলের রাওয়ালপিন্ডিতে অবস্থান নিয়ে কিছু বলা যাক!
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান যাননি মুশফিকুর রহিম। কদিন আগেই বাংলাদেশ দল যে পাকিস্তানে গিয়েছিল তখন রীতিমতো সৈন্যসামন্ত নিয়ে চলাফেরা করতে হয়েছে মাহমুদউল্লাহ-তামিমদের। হোটেল থেকে স্টেডিয়াম সবখানেই ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাওয়ালপিন্ডিতেও নিরাপত্তার চাদরের মধ্যেই ‘বন্দি’ থাকতে হচ্ছে টিম বাংলাদেশকে।
দোহা হয়ে স্থানীয় সময় বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওখান থেকে ঘণ্টাখানেকের দূরত্বে পুরো দল রাওয়ালপিন্ডিতে পৌঁছেছে স্থানীয় সময় সকাল ১০টায়। মুজিববর্ষে তিন ধাপের সফরে টাইগাররা দ্বিতীয়বার গেছে পাকিস্তান।
কাশ্মীর সংহতি দিবস হওয়ায় অনুশীলন বন্ধ রেখেছিল পাকিস্তান! ভ্রমণজনিত ক্লান্তির কারণে এদিন আর মাঠমুখো হননি তামিম, মাহমুদউল্লাহরাও। পুরোটা দিন ইসলামাবাদের হোটেল ম্যারিয়টে আবদ্ধ টাইগাররা। একই হোটেলে আছে পাকিস্তান দলও। মঙ্গলবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলনও করেছেন স্বাগতিক দলের খেলোয়াড়রা।
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কেমন হতে পারে তা একদিন আগেই জানিয়ে দিয়েছেন রাসেল ডমিঙ্গো। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে সাইফকে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মন্তব্য করে নির্বাচক হাবিবুল বাশার বলেন, আমরা সম্প্রতি কয়েকটি টেস্টে ভালো করিনি, তাই এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ভালো কিছু করার। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। যদি ঘুরে দাঁড়াতে হয় তা হলে এটা অনেক ভালো এবং বড় একটি সুযোগ আমাদের জন্য।
আজ রাওয়ালপিন্ডিতে অনুশীলন করবেন টাইগাররা। শুক্রবার থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। নিরাপত্তাজনিত বাস্তবতায় কোনো প্রস্তুতি ম্যাচ খেলার উপায় নেই।
প্রথম টেস্টের বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।
বার্তাবাজার/কেএ