ছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারীতে এক কিন্ডার গার্টেন পড়ুয়া শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে এবার মিন্টু (৩২) নামে এক বখাটে ফেরিওয়ালাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মিন্টু নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার শহীদ বি জামান রোডের নতুন বাবুপাড়া মহল্লার জালাল উদ্দীন আহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের সাথে কথা বলে জানা গেছে, আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) প্রতিদিনের ন্যায় ওই শিক্ষার্থী স্কুল ছুটির পর সিএনজিযোগে রাধানগর গ্রামের বাড়ি যাচ্ছিল। এসময় ওই সিএনজির অপর যাত্রী তার পাশের সীটে বসে স্কুল ছাত্রীকে একা পেয়ে তার শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ করার চেষ্টা চালায়। ওই শিক্ষার্থী ফেরিওয়ালার অসদ উদ্দেশ্য বুঝতে পেরে চলন্ত সিএনজি হতে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় সিএনজি চালক বুঝতে পেরে সিএনজি থামিয়ে তাকে উদ্ধার করে ঘটনা জানতে পারে। তাৎক্ষনিকভাবে সিএজি চালক ও পথচারীরা ওই ফেরিওয়ালাকে আটক করে পুলিশে খবর দিলে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে এস.আই শাহীন সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা ঘটনাস্থলে পৌছান এবং ভিকটিমের সাথে কথা বলেন এবং তাৎক্ষনিকভাবে ফেরিওয়ালাকে ভ্রাম্যমান আদালতে হাজির করান। আদালতে ফেরিওয়ালার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হলে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধান মতে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর