দিনাজপুরে ৮ দফা দাবিতে সিপিবির বিক্ষোভ

দিনাজপুরের খানসামা উপজেলায় শ্রমজীবী মানুষের জীবন জীবিকার সংকট নিরসনে ৮ দফা দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খানসামা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দ, আত্রাই নদীতে পেশাদার জেলে সম্প্রদায়ের অবাধে মাছ ধরার অধিকার নিশ্চিতকরণ, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির দৈনিক মজুরি বৃদ্ধি ও অনিয়ম দুর্নীতি বন্ধ, ১০ টাকা কেজি দরে চালের বরাদ্দ বাড়ানো, খোদ কৃষকের কাছ থেকে সরাসরিভাবে সরকারি রেটে ধান ক্রয়, গ্রাম শহরের নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন হাট বাজারে ইজারা আওতামুক্ত রাখা, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরীব মানুষদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক অধ্যাপক বদিউজ্জামান বাদল।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খানসামা উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কমিউনিস্ট নেতা কমরেড এস এম চন্দন, ক্ষেতমজুর সমিতির খানসামা উপজেলা শাখার সভাপতি জান্নাত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর