চাঞ্চল্যকর শিশু পরশ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটের চাঞ্চল্যকর শিশু পরশ সাহা ওরফে পরশ (৪) হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফউদ্দীন আহমেদ এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত ৫ আসামী হলেন, ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের মো. এহিয়া হোসেনের দ্বিতীয় পুত্র মো. জিল্লুর রহমান (২০) ও মো. জুয়েল ইসলাম (২৭), মো. কামাল উদ্দীন (৪৮) ও তার ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (২২) এবং ওয়াজেদ আলীর ছেলে মো. ফেরদৌস আলী।

মামলা থেকে খালাসপ্রাপ্ত ৪জন হলেন, ঘোড়াঘাট উপজেলার বলদিয়াপাড়ার মৃত মাহাতাব উদ্দীনের ছেলে মো. তারা মিয়া (৪৫), কাদিমনগর গ্রামের মো. রফিকুল ইসলামের কন্যা মোছা. অন্তরা (১৯), ফেরদৌস আলীর স্ত্রী নুর বানু (৪৫), মো. এহিয়া হোসেনের স্ত্রী শেফালী বেগম (৪৮)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ নভেম্বর বিকেলে ঘোড়াঘাট কাদিমনগর মন্দিরের সামনে থেকে ওই গ্রামের কেশব রায় সাহার পুত্র শিশু পরশ সাহা ওরফে পর কে (৪) দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা তাকে গলা টিপে হত্যা ও একটি চোখ উঠিয়ে নেয়। পরদিন ১১ নভেম্বর সকালে শিশু পরশের লাশ ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানের পাশে লালবাবুর আম বাগান থেকে উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানায় নিহত শিশুর পিতা কেশব সাহা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেছেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিসি) মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামী পক্ষে পরিচালনা করেন এ্যাড. মো. সাইফুল ইসলাম।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর