চট্টগ্রামের হাটহাজারীতে একটি ফার্মেসি হতে পাওয়া গেল নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ। বুধবার (০৫ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ময়দায় বানানো বিপুল পরিমাণ নকল সেকলো ক্যাপসুল লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী পৌরসভার আলম ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে ২২৪ পাতা নকল ‘Seclo’ গ্যাস্ট্রিকের ওষুধ (ক্যাপসুলাকার) জব্দ করা হয়। সেই সাথে প্রায় লাখ টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধও জব্দ করা হয়। অভিযানের পর হতে ফার্মেসী মালিক পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ফেসবুকে অভিযোগের ভিত্তিতে বুধবার আলম ফার্মেসিতে অভিযান চালানো হয়। ফার্মেসি মালিক পলাতক হলেও ফার্মেসি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
বার্তাবাজার/এমকে