সদ্য সমাপ্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এসব হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটিতে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
তাবিথ বলেছেন, ‘পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে কেউ গ্রেপ্তার হলেও সাংবাদিকদের মারার অপরাধে কাউকে গ্রেপ্তার করা হয় না। এটা সভ্য দেশে হতে পারে না।’
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান ইমানুয়েলস হলে নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থক হামলার শিকার হননি।
ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন। আমরা দেখেছি, পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন।
কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার অপরাধে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ মারলে গ্রেপ্তার আর সাংবাদিক মারলে কেউ গ্রেপ্তার হবে না, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না।’
সংবাদ সম্মেলনে ভোটের দিনকার নানা ধরনের অনিয়ম, কারচুপি, পুলিশি হয়রানির অভিযোগের পক্ষে সংগৃহীত তথ্য-উপাত্ত তুলে ধরছেন তাবিথ আউয়াল। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে সব কিছু তুলে ধরছেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
বার্তাবাজার/কেএ