আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিগত জোট সরকারের আমলে খালেদা-তারেকের দুর্নীতির কারণে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। অন্ধকারে তলিয়ে যাওয়া দেশকে মাত্র ১১ বছরে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর মূখ দেখিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের অসহায় মানুষগুলো আজ শান্তিতে আছেন। ঈশ্বরদীর পাকশীতে মুক্তিযোদ্ধা-জনতা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, ২০ বছর আগে অসহায় মা-বোনেরা ছেঁড়া-জোড়াতালি শাড়ি পড়ে থাকতো। এখন মা-বোনদের ছেঁড়া শাড়ি পড়ে থাকতে দেখা যায়না।
মুক্তিযোদ্ধা-জনতা সংবর্ধনা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা এ্যাডঃ কাজী সদরুল হক সুধার সভাপতিত্বে মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার ১৯৭২ সালে বলেছিলেন, বাংলাদেশ একটি ‘তলাবিহীন ঝুড়ি’। সত্তরের দশকে জাস্ট ফ্যালান্ড ও জন পার্কিনসন নামের দুই অর্থনীতিবিদের যৌথভাবে লেখা বাংলাদেশের উন্নয়ন-সম্পর্কিত বিখ্যাত বইটির নাম ছিল বাংলাদেশ: এ টেস্ট কেইস অব ডেভেলপমেন্ট। বিশ্বের এই অর্থনীতিবিদরা বিশ্বাসই করেননি যে, এই দেশ কোনদিন উন্নতি লাভ করবে। অর্থনীতিবিদদের সকল গবেষণাকে ভুল প্রমাণিত করে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মন্ডলের সঞ্চালনায় অতিথিদের মধ্যে ছিলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন বর্হিবিশ্বে জনমত গঠনে ভূমিকা পালনকারী রবিউল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, জাতীয় মুক্তিযোদ্ধা কার্যকরী পরিষদ সদস্য, সাবেক সচিব রশিদুল আলম, জাতির জনক বঙ্গবন্ধুর ভাগ্নি হাবিবা আলম ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজিজা খানম প্রমুখ।
বার্তা বাজার/এসজে