ইতালির রোমে স্থানীয় আওয়ামী লীগেরে গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে যেন কোন দরিদ্র না থাকে সেই লক্ষে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
তিনি বলেন, শহরের পাশাপাশি গ্রামের মানুষের উন্নয়নে তার সরকার নানা পরিকল্পনা নিয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য স্মার্ট কার্ড ছাড়াও এখন ই-পাসপোর্ট দেয়া শুরু হয়েছে, যাতে বাংলাদেশিরা কোথাও গিয়ে কোন সমস্যায় না পড়ে।
প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে সুদূরপ্রসারি পরিকল্পনায় এগিয়ে নিচ্ছে। দারিদ্র্যের হার কমাতে তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের কাজ চলছে। বলেন, হতদরিদ্র ১০ ভাগ কমানো হয়েছে। চলতি বছরের মধ্যে দরিদ্রের হার কমাতে সক্ষম হবো।
তিনি বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ইতোমধ্যে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। এখন মুজিববর্ষ পালন করার সব প্রস্তুতি চূড়ান্ত।”
চার দিনের সফরে বাংলাদেশ সময় গতরাত সাড়ে আটটার দিকে ইতালির রোমে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে স্থানীয় সময় বিকেলে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন তিনি।
আজ স্থানীয় সময় সকালে তিনি রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন। বিকেলে ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কোন্তের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ইতালির ব্যবসায়ী প্রতিনিধিরা।
বার্তাবাজার/কে.জে.পি