শাবানার স্বামী ওয়াহিদ সাদিক লড়তে চান যশোর-৬ উপনির্বাচনে

আশির দশকের জনপ্রিয় নায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিক যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামীলিগের প্রার্থী হয়ে লড়তে চাইছেন।

স্ত্রী শাবানাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে এসে বলেন, আওয়ামী লীগের ‘হাই কমান্ডের গ্রিন সিগন্যাল পেয়ে’ তিনি নির্বাচনী এলাকায় এসেছেন।

সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে শূন্য যশোর-৬ (কেশবপুর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও প্রার্থী ঠিক করেনি।

দেশের পাট অনেকটাই চুকিয়ে যুক্তরাষ্ট্রে আবাস নেওয়া আফরোজা সুলতানা রত্না (শাবানা) দেশে আসা বাড়িয়ে দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বলে গত সংসদ নির্বাচনের আগে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তা ঘটেনি।

ইসমাত আরা সাদেক সম্প্রতি মারা গেলে আবারও শুরু হয়েছিল সেই গুঞ্জন, তার মধ্যেই শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদেক তার ইচ্ছার কথা জানালেন।

এদিকে শাবানার শ্বশুর বাড়িতে আসার খবরে দূর-দূরান্তের মানুষ তাকে দেখতে ভিড় করেন বড়েঙ্গা গ্রামে।

চট্টগ্রামের মেয়ে রত্নার চলচ্চিত্রে পা রাখা শাবানা নাম নিয়ে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রের মাধ্যমে। তারপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলার চলচ্চিত্র অঙ্গনে কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যান।

১০ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাবানা ২০১৭ সালে চলচ্চিত্রে অবদানের জন্য সরকারের পক্ষ থেকে আজীবন সম্মাননাও পান।

সাংবাদিকদের প্রশ্নে শাবানা বলেন, তিনি নির্বাচন করবেন না, স্বামী ভোট করলে তার সঙ্গে থাকবেন।
শাবানা ও ওয়াহিদ সাদেকের সঙ্গে এই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হালিমও ছিলেন।

কেশবপুরে ইসমাত আরা সাদেকের স্বামী এ এইচ এস কে সাদেক এক সময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে শিক্ষামন্ত্রীও ছিলেন।
স্বামীর পর ভোটের লড়াইয়ে নামা ইসমাত আরা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার তিনি সংসদ সদস্য হলেও মন্ত্রিসভায় ঠাঁই পাননি।

গত ২১ জানুয়ারি ইসমাত আরা মারা যান। সেই হিসাবে এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে এই আসনে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে কয়েকজন সংসদ সদস্যের মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশনকে একসঙ্গে সবগুলো নির্বাচন আয়োজনের কথা ভাবছে।
চলতি ফেব্রুয়ারির প্রথম ভাগেই ইসির উপনির্বাচনের দিনক্ষণ ঠিক করার কথা।

বার্তা বাজার / এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর