চট্টগ্রামে নগর মহিলা দলের দুই নেত্রীর অনুসারীদের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নগরীর কাজীর দেউড়ির সমাবেশ ক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে বর্তমান সভানেত্রী বেগম ফাতেমা বাদশা নিজেও আহত হয়েছেন। তার অভিযোগ মনোয়ারা বেগম মনি ও তাসলিমা বেগমের অনুসারীরা তাদের উপর অতর্কিত হামলা করেছে। তবে মনোয়ারা বেগম মনির দাবি তিনি এ ঘটনায় জড়িত নন। এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
দুই গ্রুপের সংঘর্ষে আহত হন মোট ৯ জন। আহতরা হলেন যথাক্রমে নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম, জামালখান ওয়ার্ডের সভানেত্রী মরজিনা বেগম, কোতোয়ালী থানার ভাইস প্রেসিডেন্ট খালেদা বেগম, মহিলা দল নেত্রী জাহেদা সোলতানা, তাসলিমা আখতার, আনোয়ারা জাহান, নুরজাহান বেগম, হাজেরা বেগম আহত হন। তারা সবাই ফাতেমা বাদশার অনুসারী।
নগর মহিলা দলের সভানেত্রী বেগম ফাতেমা বাদশা জানান, জামালখান ওয়ার্ড ও বাগমনিরাম ওয়ার্ড কমিটি গঠন করতে সমাবেশ ক্লাবে যাওয়ার সময় মনোয়ারা বেগম মনির অনুসারীরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রায় অর্ধ-শতাধিক সন্ত্রাসী দ্বারা আমাদের উপর অতর্কিত হামলা চালান। হামলায় আমাদের ৯ নেতাকর্মীকে আহত করেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান বেগম ফাতেমা বাদশা।
অন্যদিকে অভিযোগের বিষয়ে মনোয়ারা বেগম মনি বলেন, আমি ওয়ার্ড কাউন্সিলর। ওয়ার্ডের কাজ নিয়ে আমি ব্যস্ত। ওই ঘটনায় আমি ছিলাম না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ করা হয়েছে।
সংঘর্ষের বিষয়ে নগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সংঘর্ষের বিষয়টি সত্য। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার / এসজে