‘জয় বাংলা’ বলা বাধ্যতামূলক করতে সংসদে প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জের ধরে তিনি সংসদ সদস্যদের এমন প্রস্তাব আনার আহ্বান জানান।
এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ আব্দুল মতিন খসরু অনেকের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ক্ষেত্রে জড়তার অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকারি অনেক কর্মকর্তা ‘জয় বাংলা’ বলতে জড়তায় ভোগেন।
আব্দুল মতিনের বক্তব্য শেষে স্পিকারের আসনে থাকা ফজলে রাব্বী মিয়া বলেন, আমরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুদ্ধে নেমেছি। ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে যুদ্ধ জয় করে আমরা দেশে ফিরেছি। সুতরাং কে বললো আর কে বললো না, তাতে কিছু যায় আসে না। তবে শ্রদ্ধেয় সংসদ সদস্যদের কাছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিনয়ের সঙ্গে আবেদন রাখতে চাই, এই পার্লামেন্টে একটা সিদ্ধান্ত প্রস্তাবে সর্বসম্মত সিদ্ধান্ত হোক, সবাইকে ‘জয় বাংলা’ বলতে হবে।
বার্তা বাজার / ওয়ালিদ