বিএনপিকে দুষছে ঐক্যফ্রন্ট নেতারা

ঐক্যফ্রন্টের কর্মসূচি সফল না হওয়ার জন্য শরিক দল বিএনপিকে দোষারোপ করে ঐক্যফ্রন্টের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ড. কামাল হোসেনের চেম্বারে বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করেন ঐক্যফ্রন্ট নেতারা।

মঙ্গলবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ওই বৈঠক সূত্র জানায়, ঘোষণা দিয়েও পথসভা করতে না পারায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, আগেও কয়েকবার কর্মসূচির ঘোষণা দিয়ে আমরা পালন করতে পারিনি। এইবারও নির্বাচনের আগে পথসভা করার ঘোষণা দিয়ে করতে পারিনি। যদিও আমি মেয়র প্রার্থীদের অনুরোধে তিনটি পথসভায় অংশ নিয়েছি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও একটি সভায় অংশ নিয়েছেন জোটের পক্ষ থেকে। কিন্তু এইভাবে কর্মসূচি দিয়ে পালন করতে না পারা ঐক্যফ্রন্টের জন্য অশনিসঙ্কেত। এইভাবে চলতে থাকলে ফ্রন্টের ওপর মানুষের আস্থা হারাবে।

পাশ থেকে আরেক নেতা বলেন, বিএনপি সময় দেয়নি বলে পথসভা করা যায়নি। অথচ তারাই ফ্রন্টকে নির্বাচনের মাঠে নামতে অনুরোধ করেছে। তবে, বৈঠকে উপস্থিত বিএনপির নেতা মঈন খান এ সব বিষয়ে কোনো কথা বলেননি।

জোটের নেতারা বলছেন, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের ৪টি পথসভা করার কথা ছিল। কিন্তু বিএনপির কারণে সেগুলো করা হয়নি। এভাবে কর্মসূচি ঘোষণা করে- তা পালন করতে না পারলে ফ্রন্টের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। ফলে আগামী দিনের কর্মসূচি, কর্মসূচির ধরন ও কীভাবে তা পালন করতে হবে- এ সব বিষয়ে সমাধানের জন্য বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বৈঠক করতে চায়।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর