চট্টগ্রাম বন্দরে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যানার, বাড়বে কাজের গতি

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার স্ক্যানিংয়ের কাজে বসানো হয়েছে দু’টি অত্যাধুনিক ফিক্সড স্ক্যানার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ‘এফএস-৬০০০’ সিরিজের অত্যাধুনিক স্ক্যানার দুইটি উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।
‘এফএস-৬০০০’ সিরিজের অত্যাধুনিক ফিক্সড কনটেইনার স্ক্যানার দু’টি বসানো হয়েছে বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১ নম্বর গেট এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৩ নম্বর গেটে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন, ‘কনটেইনার হ্যান্ডেলিং হলো মূলত বন্দরের কাজ। আমরা এখানে কেবলমাত্র সহায়ক ভূমিকা রাখি। এ স্ক্যানারগুলো দ্বারা জৈব, অজৈব, ধাতব, প্লাস্টিক, বিভিন্ন পণ্যের রঙের স্ক্যান ইমেজ (ছবি) পাওয়া যাবে। এছাড়া নতুন দুইটি স্ক্যানারের প্রতিটি এক ঘণ্টায় ১৫০ কনটেইনার স্ক্যান করতে সক্ষম। তাই স্ক্যান করা কনটেইনারের পণ্যের পার্থক্য নিরূপণ ও সঠিকতা যাচাই সহজ ও দ্রুততর হবে এবং বন্দরের গতিশীলতা অনেকাংশে বৃদ্ধি পাবে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম শফিউল বারী বলেন, ‘আমরা বন্দরকে আরো গতিশীল করার জন্য একটি সফটওয়্যার তৈরি করছি। এর মাধ্যমে আমরা বন্দরের কনটেইনার, ট্রাকসহ সকল কিছু একটি সিস্টেমেটিক শিডিউলে নিয়ে আসতে সক্ষম হবো।’

তিনি আরো বলেন, বর্তমানে বন্দরে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ২, ৪ ও ৫ নম্বর গেটে একটি করে ফিক্সড কনটেইনার স্ক্যানার (এফএস ৩০০০) এবং সিসিটি ২ ও জিসিবি ২ নম্বর গেটে মোবাইল স্ক্যানার রয়েছে। তবে দুইটি স্ক্যানার পুরাতন হয়ে যাওয়ার দরুন অনেক সময় কারিগরী জটিলতা সৃষ্টি হয়। যার দরুন কন্টেইনার হ্যান্ডেলিংয়ে বিলম্ব হত। তবে বর্তমানে স্থাপিত দু’টি ফিক্সড স্ক্যানারের ফলে কন্টেইনার স্ক্যানিং ও হ্যান্ডেলিংয়ে যথেষ্ট গতি আসবে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর