ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তামাক পাতা ও চুন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই যুবককে গ্রেপ্তার করে। তবে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা শেষে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের রাধাবল্লবপুর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) গত ১৮ জানুয়ারি উচাখিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজের বিষয়টি নিয়ে ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী মাজেদা খাতুন।
কিন্তু ২১ জানুয়ারি রাতে মুঠোফোনের একটি নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপন চেয়ে ফোন করা হয় হেলালের পরিবারের কাছে। বিষয়টি জানার পর প্রযুক্তির সহায়তায় পুলিশ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে চেষ্টা চালায়। এবং উচাখিলার মঘা গ্রামে নুর ইসলাম ও তার ছেলে আজিজুলকে সন্দেহভাজন হিসেবে আটক কররে কোনো ক্লু না পাওয়ায় ছেড়ে দেয় পুলিশ।
দীর্ঘ দিনেও অপহৃত হেলালকে উদ্ধার করতে না পারায় পরিবারের লোকজন ময়মনসিংহ র্যাবের কার্যালয়ে যোগাযোগ করে। র্যাবের একটি দল প্রযুক্তির সহায়তায় উচাখিলার ঈশ্বরপুর গ্রামের তামাকপাতা ও চুন ব্যবসায়ী আক্কাছ ওরফে আকন(১৮) ও মঘা গ্রামের ইজিবাইক চালক কাঞ্চন মিয়া(১৮) কে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে অপহরণের পরিকল্পনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে র্যাবের কাছে।
ঐ অবস্থায় সোমবার রাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটককৃতদের।
বিষয়টি নিয়ে ব্যবসায়ীর স্ত্রী মাজেদা খাতুন বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতে পাঠায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধারে চেষ্টা চলছে।
বার্তা বাজার/ এসজে