ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা শেষে মঙ্গলবার দুপুরে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের লক্ষ্মীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পান থানার এসআই শাওন চক্রবর্তী।
ঐ খবরে থানার একদল পুলিশ অভিযান চালায় এলাকাটিতে। রাত ৩ টার দিকে পুলিশের অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তখন আটক করা হয় মাইজবাগের রাউলেরচর গ্রামের ফারুক আহম্মেদ(৪০), মো. ফজলুল হক(২২) ও কবিরভোলসোমা গ্রামের আবু সাঈদকে(৪১)।
পুলিশ তাদের কাছ থেকে ধারালো চাকু ও লোহার রড উদ্ধার করে। তখন দলটির অন্তত ৭ জন সদস্য সেখান থেকে পালিয়ে যায়।
পরে আটককৃত ডাকাত দলের তিন সদস্যকে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ডাকাতির প্রস্তুতি গ্রহণের অপরাধে আটককৃতসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী। পরে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা শেষে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার/এসজে