টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল মো:মনশুর আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালিন কেন্দ্রের ভিতরে নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগে কেন্দ্রের সচিব ও এক শিক্ষককে আটক করে ১৫ দিনের কারাদন্ড (সাজা/জেল) দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো:আবদুল মালেক। একই কেন্দ্রের সহকারী সচিব মো:আমজাদ হোসেনকে নতুন করে কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় দুই শিক্ষার্থীকে বহিঃষ্কার করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং বাঁশতৈল মো:মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:এমরান হোসেন (৫৪) এবং একই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো:নজরুল ইসলাম বিএসসি (৫৯)। ঘটনায় বংশাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক শিশিরকে আটক করা হলেও অনিয়মের সঙ্গে জড়িত প্রমান না পাওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত প্রমানিত হওয়ায় বাঁশতৈল মো:মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুই ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী মমিত হাসান এবং সবুজ আল মামুনকে বহিঃষ্কার করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানিয়েছেন।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি অভিযোগ করেন, বাঁশতৈল মো:মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘ দিন ধরে জেএসসি ও এসএসসি পরীক্ষায় অর্থের বিনিময়ে জালিয়াতি ও পরীক্ষা হলে নকলের মহোৎসব সহ নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি চলে আসছে।
এদিকে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো:আবদুল মালেক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:হারুন অর রশিদ কেন্দ্র পরিদর্শন করে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতিরি প্রমান পাওয়ায় তাদের আটক ও দুই শিক্ষার্থীকে বহিঃষ্কার করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো:আবদুল মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেন্দ্রে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে কেন্দ্র সচিব মো:এমরান হোসেন ও সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামকে আটক করে ১৫ দিনের দন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুই শিক্ষার্থীকে বহিঃষ্কার এবং অনিয়মের অভিযোগ নাম থাকায় শিশির নামে এক কক্ষ পরিদর্শককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন মির্জাপুরে সুষ্ঠু, শান্তিপুর্ন ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৪ হাজার ৯৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৩৭৬ জন এবং ছাত্রী ২৫৭৫ জন। উপজেলার বাঁশতৈল মো:মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৫ জন, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬২৭ জন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৫৫ জন, জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৫৫ জন এবং রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৭ জন।
বার্তাবাজার/এমকে