ভয়াবহ বিপর্যয়ে সহায়তা না করে উল্টো আতংক ছড়িয়ে বিশ্বের সামনে চীনের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগের তীর নিক্ষেপ করলো চীন সরকার।
করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচক বলেও মন্তব্য করেছে বেইজিং। করোনাভাইরাস মোকাবিলায় গত শুক্রবার যুক্তরাষ্ট্র জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারির পর ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ করল বেইজিং।
শুক্রবার জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, বিগত দুই সপ্তাহে যেসব বিদেশি চীন ভ্রমণ করেছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে না দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, মার্কিন এই পদক্ষেপ শুধু আতঙ্ক তৈরি করেছে এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে।
সোমবার এক নিউজ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভাইরাস মোকাবিলায় সহযোগিতার পরিবর্তে তারা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। প্রথম দেশ হিসেবে চীনা পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ দূতাবাস থেকে আংশিকভাবে কর্মী ফিরিয়ে নেয়ার কাজটিও করেছে একমাত্র যুক্তরাষ্ট্রই।
চীনে উৎপত্তি হওয়া এই ভাইরাস মোকাবিলা ও এর বিস্তার ঠেকাতে গত ৩০ জানুয়ারি বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন ঘোষণার পর চীন থেকে মার্কিন কর্মীদের পরিবারের অনূর্ধ্ব ২১ বছর বয়সীদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। দেশে ফেরার পর এসব মার্কিনীকে ১৪ দিন ‘কোয়ারেন্টাইনে’ রাখা হচ্ছে।
বার্তা বাজার/ এসজে