ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পারশিয়ারবর এলাকায় মধুমতি নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান এই অর্থদন্ড দেন।
ইউএনও রাশেদুর রহমান জানান, সরকারী নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা মধুমতি নদীর আলফাডাঙ্গা সীমানা থেকে বালু উত্তোলন করে আসছিলেন। বিষয়টি জানতে পেয়ে রবিবার বিকেলে বালু উত্তোলনের স্থানে গিয়ে চার জনকে আটক করা হয়। এর মধ্যে বাচ্চু ঢালী (৫০) নামের এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। বাকি তিন জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।
বার্তা বাজার/ এসজে