প্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কেউ অনৈতিক কাজ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। কাউকে গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও যাতে কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপা হয়েছে। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারীও দেয়া হয়েছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচিং করানোকে কেন্দ্র করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রবেশপত্র নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তবে শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য অভিভাবকদের সহায়তা চেয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া পরীক্ষা চলাকালীন সকল দল ও ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড ও হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান। প্রস্তুতি অনুযায়ী শিক্ষার্থীরা ভালো ফলাফল করবেও আশা প্রকাশ করেন তিনি।

আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষাশুরু হয় হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এবার পরীক্ষায় বসেছেন ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর